জন্মদিনে ২১ কোটির হীরাখচিত কেক কাটলেন উর্বশী

প্রতিবছর জন্মদিনে নতুন নতুন চমক নিয়ে হাজির হন বলিউড গ্ল্যামার কুইন উর্বশী রাউতেলা। এবার ছাপিয়ে গেছে অতীতের সব চমককে। এবছর অসাধারণ বিলাসিতা ও আড়ম্বরভাবে উদযাপন করেছেন তার ৩২তম জন্মদিন। বিশেষ এই দিনে অভিনেত্রী একটি সাত স্তরের হীরাখচিত কেক কাটেন।
গ্ল্যামার ভুবনে পদার্পণের পর থেকেই উর্বশী তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য সব সময়ই শিরোনামে থাকেন। বুধবার নিজের জন্মদিনে সাত স্তরবিশিষ্ট হীরাখচিত কেক কেটে তার সেই বিলাসবহুল জীবনযাপনের আরেকটি চমক দেখান। কেকটির মূল্য প্রায় ১৬ কোটি ভারতীয় রুপি। টাকার হিসাবে প্রায় ২১ কোটি। জমকালো এই জন্মদিনের বিভিন্ন মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সূত্র: নিউজ১৮
উর্বশীর শুধু জাঁকজমকপূর্ণ জন্মদিন ও জীবনযাপনের জন্যই নয়, তিনি প্রশংসিত তার দাতব্য কাজের জন্যও। একই দিন তিনি একসঙ্গে ২৫১ জন সুবিধাবঞ্চিত মেয়ের গণবিবাহ অনুষ্ঠানের মাধ্যমে তাদের সহায়তা করেছেন। রাউতেলা বাগেশ্বর ধামে উর্বশীর তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। এ সময় আর্থিক সমস্যার সম্মুখীন পরিবারগুলোকে সহায়তা করা হয়েছে। উর্বশীর এই উদ্যোগ শত শত পরিবারকে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে।
ভারতীয় এই সুন্দরী অভিনেত্রী ও মডেল ২০১৩ সালে আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম ‘সিং সাব দা গ্রেট’ দিয়ে অভিষিক্ত হন। ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন।
ব্যতিক্রম ও জাঁকজমকপূর্ণ জীবন পালন করায় তিনি বরাবরই মিডিয়ার নজরে থাকেন। ২০ কোটিরও বেশি ফলোয়ার নিয়ে উর্বশী ইনস্টাগ্রাম ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায়ও স্থান পেয়েছেন।
বিলাসিতার পাশাপাশি উদারতা দেখিয়ে এবার উর্বশী এক অনন্য উদাহরণ দেখিয়েছেন। তার এই কর্মকাণ্ড ভক্তমহলে দৃষ্টি আকর্ষণের সঙ্গে সঙ্গে দারুণ প্রশংসিতও হয়েছে।