logo
Advertisement

এসএ টিভির পর্দায় বাংলায় ‘মুহাম্মদ’ ও ‘ইউসুফ-জুলেখা’

এশিয়া পোস্ট বিনোদন
এসএ টিভির পর্দায় বাংলায় ‘মুহাম্মদ’ ও ‘ইউসুফ-জুলেখা’

ইসলামের সঠিক ইতিহাস, ঐতিহ্য ও জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিক মানের দুটি জনপ্রিয় ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ উপলক্ষে এসএ চ্যানেল (প্রা.) লিমিটেড তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলায় ডাবিং করা ধারাবাহিক দুটি হলো-‘মুহাম্মদ (সা.) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’।

বাংলাদেশের প্রথম তৃতীয় প্রজন্মের চ্যানেল হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে এসএ টিভি। সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জনের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন অনুষ্ঠান প্রচারে গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

‘মুহাম্মদ (সা.) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটি ইসলামের প্রাথমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল সময়কে কেন্দ্র করে নির্মিত। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওফাতের পর কোরআন ও সুন্নাহর আলোকে মানবজাতির পরিচালনা, ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব ও বিস্তার, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক দ্বন্দ্ব এবং নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ইসলামের অগ্রযাত্রার ইতিহাস এতে তুলে ধরা হয়েছে।

এর আগে এসএ টিভির পর্দায় ‘মুহাম্মদ (সা.) দ্য ফাইনাল লিগ্যাসি সিজন-১’ সম্প্রচারিত হয়। এবার ধারাবাহিকটির দ্বিতীয় সংস্করণ ‘মুহাম্মদ (সাঃ) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দর্শকরা এটি দেখতে পারবেন।

এদিকে দর্শকদের অনুরোধে পবিত্র কোরআনের সুরা ইউসুফে বর্ণিত হযরত ইউসুফ (আ.)-এর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত ইরানি ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ও সম্প্রচার করবে এসএ টিভি।

ধারাবাহিকটিতে শৈশবে ভাইদের ঈর্ষা ও ষড়যন্ত্রের শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হওয়া, দাসত্ব, প্রাসাদ জীবনের নানা পরীক্ষা, মিথ্যা অভিযোগে কারাবরণ এবং পরবর্তীতে সততা, জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

‘ইউসুফ-জুলেখা’ আগামী ৩০ আগস্ট থেকে সম্প্রচার শুরু হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় ধারাবাহিকটি প্রচারিত হবে।

‘মুহাম্মদ (সা.) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ বাংলায় ডাবিং ও সম্প্রচারে সহযোগিতা করছে মিনিস্টার মাই ওয়ান গ্রুপ। অনুষ্ঠানে গ্রুপটির ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার উপস্থিত ছিলেন।

এসএ টিভির পক্ষ থেকে জানানো হয়, একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটি শুধু বিনোদন নয়, দর্শকদের জন্য জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দিতে চায়। ইসলামের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক এই দুই ধারাবাহিক সেই লক্ষ্যেই সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।