ছেলেরা প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পেত না: প্রিয়ন্তী উর্বী

নাটক, ওটিটি এবং বিজ্ঞাপন—তিন মাধ্যমেই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ক্যারিয়ারে যখন ব্যস্ততার গ্রাফ ঊর্ধ্বমুখী, তখন নিজের ব্যক্তিগত জীবন, স্কুল-কলেজের দিনগুলো এবং অভিনয় ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বললেন এই সুন্দরী।
সম্প্রতি এশিয়া পোস্টের জনপ্রিয় অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন উর্বী। সেখানে আড্ডায় আড্ডায় তিনি মেতে ওঠেন নিজের ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণে।
অনুষ্ঠানে প্রেম ও স্কুল-কলেজের দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেত্রী জানান একটি মজার তথ্য। উর্বী জানান, ছাত্রজীবনে ছেলেরা তাকে সহজে প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পেত না। উর্বী বলেন, ‘ছোট বেলা থেকেই আমি খুব মিশুক একজন মানুষ। সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল।’
তিনি বলেন, ‘ক্লাস সেভেনে থাকতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম। ঘটনাটি খুব একটি মনে নেই। তবে স্কুলে ছেলেরা প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পেত না। কারণ, আমার আম্মু একই স্কুলের শিক্ষক ছিলেন।’
বর্তমানে অভিনয়ই উর্বীর মূল ধ্যান-জ্ঞান। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি গল্পনির্ভর কাজে আরও বেশি মনোযোগী হতে চান বলেও জানান এই অনুষ্ঠানে।





