Advertisement

অভিনেত্রী রিধির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিশের

এশিয়া পোস্ট ডেস্ক
অভিনেত্রী রিধির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিশের
অভিনেত্রী রিধিকা রিধি। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যার পেছনের কারণ জানা গেছে। প্রেমিক পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথাকাটাকাটির জের ধরেই তিনি চরম এই পথ বেছে নেন। পুলিশের প্রাথমিক তদন্ত ও পরিবারের দেওয়া তথ্য থেকে আত্মহত্যার এই কারণ ও নেপথ্য ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) আনুমানিক ভোর ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধারের পর দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদমাধ্যমে বিষয়ের সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই তারা নিশ্চিত হয়েছেন এবং এর পেছনের কারণও উঠে এসেছে।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পায়। বর্তমানে রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। আর আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন।’

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনার নেপথ্যের পুরো সত্যতা উদঘাটনে আরও গভীর তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিস্তারিত এবং মৃত্যুর ঠিক আগমুহূর্তে তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা পোস্ট নিয়মিত শেয়ার করলেও গত ৩০ জুলাইয়ের পর থেকে ফেসবুকে তাঁর আর কোনো প্রকাশ্য উপস্থিতি দেখা যায়নি।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে মডেলিং দিয়ে শোবিজে নজর কাড়েন রিধিকা রিধি। পরবর্তীতে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।