এবার লাইভে এলেন তিশা, অথৈর বিরুদ্ধে নেবেন আইনি ব্যবস্থা

অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের ঘটনায় দুদিন ধরে আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। যেই শুটিং সেটে ঘটনাটি ঘটেছে, সেখান থেকেই লাইভে এলেন তিনি। ‘পুতুলের বিয়ে’ শিরোনামে নির্মিত ফিকশনটির গোটা টিম নিয়ে মধ্যরাতে লাইভে আসেন তিশা। জানান, এই দুদিন তাকে নিয়ে যে অপপ্রচার হয়েছে, তার পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত।
লাইভে শুরুতে তিশা সালাম দিয়ে বলেন, ‘এখানে অনেক রাত। আমরা মানিকগঞ্জে এখনো ‘পুতুলের বিয়ে’-এর শুটিং করছি। কিন্তু আমার মনে হচ্ছে, গত দুদিন আমাকে নিয়ে যা কুৎসা রটানো হচ্ছে, তা নিয়ে সামাজিকমাধ্যমে অনেকেই ভুল বুঝেছে। তাই আর সময় না নিয়ে এ বিষয়ে বিষয়ে এখনই কিছু বলা উচিত। এজন্যই লাইভে এলাম। না হলে এভাবে আমি কখনও লাইভে আসি না।’
এরপর অথৈর অভিযোগ নিয়ে তিশা তার বক্তব্য তুলে ধরেন। ভিডিওতে তার সঙ্গে নির্মাতা রাফাত মজুমদার রিংকুকেও দেখা যায়। নির্মাতাকে পাশে নিয়ে তিশা বলেন, ‘আমি আমার নারী সহকর্মীকে উদ্দেশ করে একটি কথা বলব, সেটি হচ্ছে আপনি যদি একটি দুটি থাপ্পড়ে যদি বেশি ব্যথা পেতেন তাহলে আমাদের সংগঠন আছে সেখানে জানাতে পারতেন। তাহলে আমি মেনে নিতাম।
তা না করে তিনি গোটা বিশ্বকে জানানোর জন্য লাইভে চলে আসেন। তাতে কী হলো, আমরা তাকে চিনলাম। কিন্তু তিনি তার লাইভে আমার সম্পর্কে যেসব আভিযোগ এনেছেন, তা আমার ১২-১৩ বছরের অভিনয় ক্যারিয়ারে খুবই দুঃখজনক। তাই আমার মনে হয়েছে, এ বিষয়ে যারা অনুরাগী আছেন তাদের সত্যটা জানানো এখনই উচিত।’
এরপর সেদিনের ঘটনা নিয়ে নির্মাতা রিংকু বলেন, ‘আমি খুবই অবাক হয়েছি। অথৈর বেশকিছু সাক্ষাৎকার দেখলাম, তিনি অভিযোগ করেছেন যে, তার একজন সহকর্মী সেটে নাকি গাজা খেয়ে শুটিং করেন। এমন ব্যক্তিগত অভিযোগ তার করা ঠিক হয়নি। সে বিষয়টি নিয়ে আমাদের নাটকের আর্টিস্টদের যেসব সংগঠন আছে সেখানে অভিযোগ করতে পারতেন। তা না করে তিনি চলে গেলেন, লাইভে এলেন। যাতে কোনো সমাধান হলো না।’
এরপর তিশার আরও বেশকিছু বিষয় যোগ করে তিনি বলেন, ‘এমনটি করা কার পূর্বের পরিকল্পনা ছিল। তা না হলে তিনি আমার সঙ্গে আরও একজন অভিনেতার নাম নিয়েছেন, যাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে আমি এটুকু বলছি, তার বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেবো। কারণ তিনি আমার সম্মানহানি করেছেন।’
এ সময় তানজিন তিশা অভিযোগ করেন, ফেসবুক লাইভে অথৈ ইচ্ছাকৃতভাবে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি উদ্দেশ্যমূলক।