শিল্পকলায় তিন দিনের জাদু প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা। পাশাপাশি কর্মশালার সমাপনী দিনে আয়োজন করা হয়েছে বিশেষ জাদু প্রদর্শনী ‘জাদুসন্ধ্যা’।
আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি ভবনের ১০৫ নম্বর মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে জাদু প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এতে অংশ নেবেন মোট ৩০ জন প্রশিক্ষণার্থী।
কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে থাকবেন জাদুশিল্পী শাহীন শাহ্। প্রশিক্ষক হিসেবে থাকবেন আবু সাদাত মো. মামুন। এ ছাড়া জাদুশিল্পের ভাষাশৈলী বিষয়ে প্রশিক্ষণ দেবেন সারমিন সুলতানা ইসলাম।
কর্মশালার পাশাপাশি ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘জাদুসন্ধ্যা’। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বসবে এ জাদু প্রদর্শনীর আসর। আয়োজনে জাদুশিল্পের বিভিন্ন পরিবেশনা উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা।
‘জাদুসন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপির। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেবেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক জাদুশিল্পী শাহীন শাহ্। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল-রিয়াজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাদুসন্ধ্যা’র জাদু প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।


