logo

অনন্ত আম্বানির জন্মদিনে তারকার হাট

অনন্ত আম্বানির জন্মদিনে তারকার হাট

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির জন্মদিন ১০ এপ্রিল। তবে এরই মধ্যে সেই জন্মদিন উপলক্ষে দেখা গেল নক্ষত্রের মেলা। অনন্তর জন্মদিনের আয়োজনে যোগ দিতে সপরিবারে শাহরুখ খান হাজির হন। অনুষ্ঠান উপলক্ষে রণবীর সিং, অনন্যা পান্ডেসহ বলিউডের বেশ কিছু তারকার সমাগম ঘটে।

জন্মদিন উপলক্ষে ৮ এপ্রিল ফের গুজরাটে বসেছে এই তারকার হাট। অনন্ত আম্বানির ৩১ বছর পূর্ণ করা জন্মদিনটি উদযাপন করা হবে গুজরাটের জামনগরে। আগামী ১০ এপ্রিল অনন্ত ৩১ বছর পূর্ণ করবেন।

জমকালো এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিমানবন্দরে স্ত্রী গৌরী খান ও ছেলে আবরামকে নিয়ে হাজির হন বলিউড বাদশা। সঙ্গে ছিল তার পোষা কুকুরটিও। সাদা টি-শার্ট ও ক্যাজুয়াল বটমসে স্টাইলিশ লুকে ধরা দেন তিনি। সূত্র: নিউজ বাংলা

রণবীর সিং সাহসী ফ্যাশনের জন্য পরিচিত হলেও এবার তাকে দেখা গেছে আকর্ষণীয় লুকে। ওভারসাইজড সাদা শার্টের সঙ্গে ঢিলেঢালা কালো প্যান্ট পরেছিলেন ‘ধুরন্ধর’ তারকা। ব্যাকব্রাশ চুল আর সানগ্লাস দিয়ে পরিপূর্ণ সাজে হাজির হন রণবীর।

অনন্যা পান্ডের পরনে ছিল সাদা ট্যাঙ্ক টপ ও জিন্সের পোশাক। সাদামাটা ও স্বচ্ছন্দ সাজেও আকর্ষণ ফুটিয়ে তুলেছিলেন তিনি। শানায়া কাপুর ও অগস্ত্য নন্দাও ছিলেন জমকালো এই আয়োজনে।

সিনেতারকাদের উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি জমকালো হবে বলে ধারণা করা হচ্ছে। প্রচারবিমুখ অনন্ত আম্বানি তার এবারের জন্মদিন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেই উদযাপন করতে চলেছেন।