‘দার-এ-নাজাত’-এর আবু বকর চরিত্র মুখ খুললেন অভিনেতা

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নাজাত’-এর জনপ্রিয় চরিত্র আবু বকরকে দর্শকেরা অনেকেই আদর্শ মানুষ হিসেবে দেখেন। তবে চরিত্রটি মোটেও নিখুঁত নয় বলে জানিয়েছেন অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার। তার মতে, আবু বকর একজন মানুষকে খুশি রাখতে সব সময় চেষ্টা করেন এবং তার মধ্যে রয়েছে ‘সেভিয়ার কমপ্লেক্স’।
বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে কথা বলেন শেহেরিয়ার।
তিনি বলেন, আবু বকরেরও কিছু দুর্বলতা রয়েছে। সে অন্যদের খুশি রাখতে চায়। কারও অনুরোধে না বলতে তার বেশ কষ্ট হয়। নিজের মধ্যেও এ ধরনের প্রবণতা রয়েছে বলে জানান অভিনেতা।
শেহেরিয়ারের ভাষায়, সব সময় অন্যদের কথা ভাবতে হয়- এমন মানসিক চাপ নিয়ে জীবন কাটানো সহজ নয়। তার মতে, কমবেশি সবাই অন্যদের খুশি রাখার চেষ্টা করেন।
আবু বকরের এই আচরণের পেছনে তার পারিবারিক শিক্ষার প্রভাব রয়েছে বলেও ব্যাখ্যা করেন অভিনেতা। তার মা ছোটবেলা থেকেই অন্যদের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। এ কারণে আবু বকরের মধ্যে ‘সেভিয়ার কমপ্লেক্স’ তৈরি হয়েছে।
এই মানসিকতার কারণে চরিত্রটি মনে করে, অন্যদের বিপদে পাশে দাঁড়ানো, কাউকে রক্ষা করা এবং সবার দায়িত্ব নেওয়া তার কর্তব্য।
ধারাবাহিকটি প্রচার শুরু হওয়ার পর থেকেই আবু বকরকে নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। তার উদারতা ও ক্ষমাশীলতার প্রশংসা করছেন অনেকে। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, বাস্তবে একজন মানুষ এতটা সহনশীল ও ক্ষমাপরায়ণ হতে পারেন কি না।
এ নিয়ে কথা বলেছেন ধারাবাহিকটির লেখক উমেরা আহমেদও। পর্দায় দয়া, সহমর্মিতা, ক্ষমাশীলতা এবং অন্যের ভুল উপেক্ষা করার মতো গুণাবলি তুলে ধরলে দর্শকেরা কেন তা বিশ্বাস করতে চান না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।