প্রিয়াঙ্কার জন্য ঢাল হয়ে দাঁড়ালেন শ্রাবন্তী

সামাজিকমাধ্যমে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। ব্যতিক্রম নন ভারতীয় বাংলা সিনেমার তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। বেশ কয়েকবার অযথাই ট্রোলারদের কটাক্ষের শিকার হন তিনি নিজেও। এবার আর মুখ বন্ধ না করে কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন শ্রাবন্তী।
সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে অনেকে উল্টোপাল্টা মন্তব্য করেছেন। প্রিয়াঙ্কার উদ্দেশে ছুটে আসা এসব নেতিবাচকতার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছেন শ্রাবন্তী। সম্পর্ক শীতল বা উষ্ণ যেমনটাই থাকুক—রাহুলের আকস্মিক মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। তার পরও তাকে নানা ট্রলের মুখোমুখি হতে হয়েছে। অনেকেই বিদ্রুপ করেছেন। সেসব ট্রোলারকে পাল্টা জবাব দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শ্রাবন্তীর আসন্ন সিনেমা ‘এরাও মানুষ’-এর শুটিং শেষে রাহুলকে স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াঙ্কার প্রসঙ্গ আসে। প্রিয়াঙ্কা সরকারকে সামাজিকমাধ্যমে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, সে প্রসঙ্গ উঠতেই পাল্টা জবাব দিলেন টলিতারকা। তিনি বলেন, ‘তাদের তো অন্য কাজ নেই। আমাদের ভিডিও শেয়ার করেই তাদের ঘরে একটু টাকা-পয়সা আসছে, মাছের ঝোলটা রান্না করে খাচ্ছে। আমরা না হয় ওদের একটু সাহায্যই করছি।’ সূত্র: আজকাল
শ্রাবন্তী আরও বলেন, ‘প্রিয়াঙ্কা এত মিষ্টি একটা মেয়ে, একটা সন্তানের মা। একজন মাকে কতটা শক্ত থাকতে হয়, সেটা সবাই বোঝে না। মানুষ অনেক কিছু বলবে; কিন্তু একজন মা জানে, সে কীভাবে সন্তানকে মানুষ করে। প্রিয়াঙ্কা এগুলো পাত্তা দিচ্ছে বলে মনে হয় না।’
রাহুল অরুণোদয়ের সঙ্গে কাজ করার স্মৃতি টেনে শ্রাবন্তী বলেন, ‘আসন্ন সিনেমায় রাহুলদাকে অন্যরকম ভাবেই পাবে সবাই। এর আগে মনে হয় না তাকে এমন চরিত্রে দেখা যাবে। এখনো মনে হয় রাহুলদা আমাদের মধ্যেই আছে। উনি অমর হয়ে থাকবেন সিনেমার মাধ্যমে।’
প্রসঙ্গত, ‘এরাও মানুষ’ সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।