বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সরব দৃশ্যশিল্পী সমাজ

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের দৃশ্যশিল্পী সমাজ। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ১২২ জন শিল্পী।
এক যৌথ বিবৃতিতে শিল্পীরা বলেন, একজন শিল্পী তার রাজনৈতিক মতাদর্শ, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে কোনোভাবেই হামলা বা হয়রানির শিকার হতে পারেন না। তাদের মতে, এমন ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটি শিল্পীর স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় দেশের অনেক শিল্পীর মতো আজমেরী হক বাঁধনও অন্যায়, হত্যা, দমন ও নিপীড়নের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করেছিলেন। তবে কোনো শিল্পীর রাজনৈতিক অবস্থান কারও পছন্দ না হলেই তাকে অপমান, ভয় দেখানো কিংবা শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই।
দৃশ্যশিল্পী সমাজের ভাষ্য, রাজনৈতিক মতের বিরোধিতা কখনো সহিংসতার বৈধতা দিতে পারে না। বিশেষ করে একজন নারী শিল্পীর গায়ে হাত তোলা বা তাকে প্রকাশ্যে হেনস্তা করা কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না; এটি নিছক সহিংসতার বহিঃপ্রকাশ।
বাঁধনের প্রতি সংহতি জানিয়ে শিল্পীরা বলেন, কোনো শিল্পীর শরীর রাজনৈতিক প্রতিশোধের ক্ষেত্র হতে পারে না এবং ভয় দেখিয়ে শিল্পীর কণ্ঠ স্তব্ধ করা উচিত নয়। একই সঙ্গে ভেনিসের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

