ছিনতাইয়ের মামলায় জামিন পেলেন এই অভিনেত্রী

চলতি বছরের ৬ আগস্ট চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন কলকাতার অভিনেত্রী রূপা দত্ত। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, ১ লাখ ৪৮ হাজার টাকার মূল্যবানসামগ্রী ও পার্স চুরি করেছেন তিনি। এবার জানা গেল, শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছেন অভিনেত্রী। পাশাপাশি আরও কিছু শর্ত আরোপ করেছে আদালত। এমনকি মামলার সাক্ষ্যপ্রমাণে হস্তক্ষেপ না করা এবং অনুমতি ছাড়া দেশের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপার আইনজীবী সুনীল পান্ডে৷
জানা গেছে, গেল ১২ জুলাই ডিম্পল সিঙ্ঘভি নামের এক নারী কোলাবা থানায় তার পার্স চুরির অভিযোগ করেন। ওই পার্সে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের হীরা বসানো সোনার ব্রেসলেট, ১০ হাজার টাকা নগদ এবং ১৫ হাজার টাকা মূল্যের অ্যাপল এয়ারপডস ছিল।
অভিযোগের পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, রূপা দত্ত ওই নারীর পিছু নিচ্ছিলেন। এর ভিত্তিতেই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। তবে এই প্রথম নয়, ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রূপা।


