নতুন সিনেমায় রুনা খান

ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে শোবিজে শক্ত অবস্থান গড়েছেন অভিনেত্রী রুনা খান। যে কোনো চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে কোনো জুড়ি নেই তার। এবার জানা গেলো, নতুন সিনেমার কাজ শুরু করেছেন তিনি। নাম ‘জলপবন’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রুনাকে।
সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাজন তালুকদার। চলতি মাসের ১৫ তারিখ থেকে সুনামগঞ্জের হাওর এলাকায় দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। হাওরের মানুষের জীবনের গল্প এবং প্রতীক্ষার আবহ নিয়ে সাজানো হয়েছে ‘জলপবন’র গল্প। সিনেমায় রুনার চরিত্রের নাম ‘নিরালা’।

গণমাধ্যমে নতুন সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জানান, সিনেমার গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে বলেই এই প্রজেক্টে যুক্ত হয়েছেন তিনি। আশা করছেন দর্শকদের ভালো লাগবে। তিনি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক।
এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত সময় পাড় করলেও মুক্তির তালিকায় রয়েছে রুনার বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’, মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।


