logo

সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সভাপতি প্রার্থী আরমান

সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সভাপতি প্রার্থী আরমান
মুক্তি ও আরমান। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে আলোচনা তুঙ্গে। এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়ে ছিলেন নায়ক বাপ্পারাজ। তবে সম্প্রতি পারিবারিক কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এবার সেই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

শনিবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

মুক্তি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। যে কারণে সাধারণ সদস্যদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। গুণী শিল্পীদের নিয়ে আমরা সুন্দর একটি প্যানেল চূড়ান্ত করেছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কাজ করব।

আরমান বলেন, সিনিয়র-জুনিয়র শিল্পীদের আগ্রহে এবার সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে যতবার নির্বাচনে অংশ নিয়েছি শিল্পীরা আমাকে নিরাশ করেননি। এবারও আশা করব তারা আমাকে কাজের সুযোগ করে দেবেন। শিল্পী সমিতি নিয়ে আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। আমি আর মুক্তি নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে তা বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা করব।

আসছে ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু। আপিল বোর্ড প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদকে।