logo

অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন শামীম হাসান

অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন শামীম হাসান

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর অন্যতম—আরেফিন। এ চরিত্র রূপায়ন করেন শামীম হাসান সরকার। কিন্তু মান-অভিমান থেকে সিরিজটি ছেড়ে দিয়েছিলেন তিনি। মান-অভিমান ভুলে দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ফিরলেন অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফেরার কথা এ অভিনেতা নিজেই জানান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ স্পেশাল হিসেবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার–১০ প্রকাশ করা হবে। এতে থাকছে নতুন ৮টি পর্ব (৭৩–৮০), যা এক্সক্লুসিভভাবে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, আরেফিনকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’র অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগেই আবারও ফ্ল্যাটে ফিরছে আরেফিন। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন-এই পাঁচ বন্ধুকে অনেকদিন পর একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা শুটিংয়ের সময় পুরো টিমকেই আবেগাপ্লুত করেছে।

তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে তার অন্য কোনো কাজ আসছে না। তাই দর্শকদের জন্য বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে।

বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণেই ‘ব্যাচেলর পয়েন্ট’ আজ একটি বিশেষ জায়গা তৈরি করেছে। গত ৯ মাসে সিজন ৫-এর ৭২টি পর্ব প্রকাশের পর এবার ঈদের আনন্দ বাড়াতে নতুন চ্যাপ্টার–১০ প্রকাশ করা হচ্ছে।

কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলমের পাশাপাশি আবারও যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া স্পর্শিয়া, লামিয়া লামসহ আরও পরিচিত মুখ থাকছেন নতুন পর্বগুলোতে।