logo

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

হায়দরাবাদের অভিনেত্রী আশু রেড্ডিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ‘বিগ বস’ খ্যাত এই তারকার বিরুদ্ধে হায়দরাবাদ আদালতে প্রায় সাড়ে ৯ কোটি রুপির প্রতারণার মামলা হয়েছে। একজন লন্ডন প্রবাসী এনআরআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মামলাটি করেন।

আশু রেড্ডির বিরুদ্ধে অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে ওই এনআরআইয়ের কাছ থেকে গাড়ি, স্বর্ণ ও সম্পত্তি বাগিয়ে নেন। এ ব্যাপারে সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস) পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওয়াই. ভি. ধর্মেন্দ্র নামের ওই যুবক লন্ডনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ২০১৮ সালে আশু রেড্ডির সঙ্গে পরিচয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হয়।

ভুক্তভোগীর পরিবার দাবি করে, আশু রেড্ডি ধর্মেন্দ্রকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণা করেন। তাকে বিশ্বাস করে ধর্মেন্দ্র বেশ কয়েক বছর ধরে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন। সে অর্থ দিয়ে কেনা সম্পত্তি রেড্ডি নিজের নামে রেজিস্ট্রি করে। পরে আচার-অনুষ্ঠান সম্পন্ন হলেও বিয়েতে রাজি হননি বিগ বস তারকা।

এর আগেও একটি মাদক মামলায় তার জড়িত থাকার খবর বেরিয়েছিল। সম্প্রতি, এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য প্রতি মাসে ৩৯৯ টাকা চার্জ করে একটি পেইড ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন ফিচার চালু করার কারণেও তিনি শিরোনামে আসেন।

জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব 'বিগ বস তেলেগু' সিজন ৩-এ অংশ নেন। 'ফোকাস', 'মাস্টারপিস', 'ত্রিমুখ' ও ‘পিকে'-তে অভিনয় করে প্রশংসা কুড়ান।