logo

না ফেরার দেশে সংগীতশিল্পী অভিজিৎ

না ফেরার দেশে সংগীতশিল্পী অভিজিৎ

ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক অভিজিৎ মজুমদার মারা গেছেন। রোববার (২৬) জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে ওড়িশার একটি হাসপাতালে তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। গত বছরের ৪ সেপ্টেম্বর হাইপারটেনশন, হাইপোথাইরয়েড ও ক্রনিক লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাকালীন সময়ে কখনো তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মাঝেমধ্যেই অবনতি ঘটে। তবু অনুরাগীদের আশা ছিল, হয়তো সুস্থ হয়ে আবার ঘরে ফিরবেন শিল্পী। কিন্তু শনিবার রাত থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলে রোববার (২৬ জানুয়ারি) তিনি মারা যান।

১৯৯১ সালে ওড়িশার সংগীত জগতে যাত্রা শুরু করেন অভিজিৎ মজুমদার। ২০০০ সাল থেকে একের পর এক জনপ্রিয় গান ও সুরের মাধ্যমে তিনি দর্শক-শ্রোতাদের মনে পাকাপোক্ত জায়গা করে নেন। সুরকার ও গীতিকার হিসেবে তার ঝুলিতে রয়েছে কমপক্ষে ৭০০-রও বেশি গান।

‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’, ‘সুন্দরগড় কা সলমন খান’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। 

জানা গেছে, ‘পগলু’ ছবিতে তার শেষ কাজ শোনা যাবে, যা চলতি বছর মুক্তি পাওয়ার কথা।