logo

পরিবর্তনের শুরু হয় অংশগ্রহণ থেকে: তৌসিফ

পরিবর্তনের শুরু হয় অংশগ্রহণ থেকে: তৌসিফ

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। যান চলাচলেও নিয়ম বেঁধে দিয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই। সরকারও ঘোষণা করেছে সাধারণ ছুটি। যার ফলে সাধারণ জনগণসহ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যে আমেজ লেগেছে তারকাদের মধ্যেও।

নাটকের অভিনেতা তৌসিফ মাহবুব। বছরজুড়েই তার ব্যস্ততা। তার কাছে জানতে চাওয়া হয়, কোন বিষয়গুলো মাথায় রেখে এবার তিনি ভোটকেন্দ্রে যাবেন। এশিয়া পোস্টকে তৌসিফ বলেন, ‘আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে ১২ ফেব্রুয়ারি যে বিষয়গুলো মাথায় নিয়ে ভোট দিতে যাব, সেটি হচ্ছে—আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন হয় অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়ে এই পরিবর্তনের আপাতত শুরু হোক।’

অভিনেতা তৌসিফ মাহবুব বরাবরই নিজের সচেতনতার মাধ্যমে তার অনুরাগীদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন। সেটা তার অভিনয়ের মাধ্যমে হোক কিংবা সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে। সেই ধারাবাহিকতায় এই অভিনেতাকে ‘লাভ এন্ড নির্বাচন’ নামে একটি নাটকেও অভিনয় করতে দেখা যায়, যার গল্প দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের ঘিরে। এতে তৌসিফের বিপরীতে অভিনয় করেন তাসনিয়া ফারিণ। নাটকটি পরিচালনা করেন রাফাত মজুমদার রিংকু।

আসছে ভালোবাসা দিবস ও ঈদুল ফিতরে তৌসিফের একাধিক নাটক প্রকাশের কথা রয়েছে, যার কাজও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ঈদের কয়েকটি কাজ বাকি আছে। এরপর শুরু হবে ঈদুল আজহার ব্যস্ততা। তার মধ্যে বিজ্ঞাপনসহ নানা ধরনের কাজে অংশ নিতে দেখা যাবে এই তারকাকে—এমনটাই জানান তৌসিফ।