দীর্ঘদিন পর আড়াল ভাঙলেন পাভেল, দিলেন নতুন বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিনেতা সাইদুর রহমান পাভেল দীর্ঘদিন আড়ালে ছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’র সেট থেকে একটি ছবি প্রকাশ করেছেন পাভেল। সেখানে তাকে একটি কালো রঙের ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে সাধারণত এ ম্যানিকুইনটি দেখা যায়।
ছবিতে ম্যানিকুইনটির গায়ে জড়ানো রয়েছে নীল রঙের কাপড়। মুখে জোকারের মুখোশ, আর পরনে ব্যাঙের ছাপযুক্ত আন্ডারওয়্যার। পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে।
ছবিটির ক্যাপশনে পাভেল লিখেছেন, ‘যাদের বন্ধু-বান্ধব ভাবছিলি, এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়।
ওই ঘটনার পর নানা আলোচনা-সমালোচনা তৈরি হলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানান, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।
শুধু তাই নয়, এরপর পাভেলের প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে তাকে ঘিরে আলোচনা-সমালোচনা আরও বেড়ে যায়।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হন তিনি। পরে অভিনয়ে নিয়মিত হয়ে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

