অবশেষে মডেল তিশার স্বামী গ্রেপ্তার

মডেল তিশা শর্মার মৃত্যুর দশ দিন পর স্বামী সমর্থ সিংকে অবশেষে গ্রেপ্তার করেছে ভারতের মধ্যপ্রদেশ পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তিনি।
গত ১২ মে ভারতের ভোপালের কাটারা হিলস এলাকায় স্বামীর বাড়িতে থেকে তিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও পরবর্তীতে একের পর এক অভিযোগ ও তথ্য সামনে আসায় তদন্তে নতুন মোড় নেয়। এ ছাড়া মৃত্যুর আগে তিশা তার স্বামীর বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।
তিশার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। তাদের দাবি, দীর্ঘদিনের চাপ ও হয়রানির কারণেই তিশার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ভোপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সমর্থ সিংকে ভোপালে আনার পর জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে কিছু অসংগতি ধরা পড়ায় তিশার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বিশেষজ্ঞ দল ভোপালে গিয়ে পুনরায় ময়নাতদন্ত করবে বলে জানা গেছে।
এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন সবার নজর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট এবং আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে।
তিশা পড়াশোনা শেষে দিল্লিতে চাকরি, ব্যস্ত শহুরে জীবন ও নিজের মতো করে এগিয়ে চলার চেষ্টায় পরিচিত পথেই হাঁটছিলেন। মার্কেটিংয়ের পাশাপাশি সুন্দরী প্রতিযোগিতা ও চলচ্চিত্রের কাজে যুক্ত ছিলেন। ২০২৪ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সমর্থ সিং নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৫ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়।