নিজ বাড়িতে মডেল হত্যা, সন্দেহভাজন জিম ট্রেইনার

ভারতের দিল্লিতে নিজ বাড়িতেই হত্যার শিকার হয়েছেন একুশ বছর বয়সি মডেল মুসকান। পশ্চিম দিল্লির তিলকনগরের বহুতল ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। বুধবার ফ্ল্যাটে একাই ছিলেন মুসকান। আর সেসময়ই ঘটে যায় এই হত্যাকাণ্ড।
পুলিশ সূত্রে খবর, মুসকানের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। এদিন সন্ধ্যায় তার ফ্ল্যাটে গিয়েছিলেন জিম ট্রেইনার ইমরান। হঠাৎ মডেলের চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তাদের ফ্ল্যাটের দিকে এগিয়ে যেতে দেখে সেখান থেকে পালিয়ে যান জিম ট্রেইনার।
পরে রক্তাক্ত অবস্থায় মুসকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। এরইমধ্যে ইমরানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান দিল্লি পুলিশ।
প্রতিবেশীরা আরও জানান, প্রায়ই ওই জিম ট্রেইনারকে এলাকায় দেখতেন তারা। এর সত্যতা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তের জিম এবং তার বাড়িতেও অভিযান চালিয়েছে তদন্তকারীরা।
এদিকে মুসকানের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মুসকানকে উত্ত্যক্ত করে আসছিলেন জিম ট্রেইনার ইমরান। প্রাথমিক তদন্তে জানা গেছে, গেলো দেড় বছর ধরে পরিচয় ছিল মুসকান ও জিম ট্রেইনারের। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং অভিযুক্তের সঙ্গে ঠিক কী ধরনের সম্পর্ক ছিল মুসকানের সেসবও খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস


