পপতারকা রিহানার বাড়িতে গুলি, আটক এক নারী

জনপ্রিয় মার্কিন পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলার সময় রিহানা তার তিন সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রোববার বিকেলে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে রিহানার বাইরে কয়েক রাউন্ড গুলি চলে। হামলার খবর পেতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন তরুণীকে আটক করেছে পুলিশ।
রয়টার্সের বরাতে পুলিশ জানায়, রোববার বিকেলে বাড়ির উল্টো দিকের রাস্তায় একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি চালানো হয়। একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সাদা রঙের টেসলা থেকে ৭-৮ রাউন্ড গুলি ছুড়তে দেখেছেন তারা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রিহানার বাড়ির এলাকা থেকেই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এ ঘটনায় রিহানাসহ পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এখন পর্যন্ত রিয়ানা কোনো বিবৃতি দেননি। হামলার নেপথ্যে কী উদ্দেশ্য, ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। আটক তরুণীর পরিচয়ও প্রকাশ্যে আনা হয়নি।