বিশ্বকাপে কেন সৌদি আরবকে সমর্থন করেন হাসান জাহাঙ্গীর?

বিশ্ব ফুটবলে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি। বিশ্বকাপ এলে এই উন্মাদনা চরম রূপ নেয়। এই তালিকায় পিছিয়ে নেই দেশের শোবিজ তারকারাও। তবে এই দিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম নির্মাতা ও পরিচালক হাসান জাহাঙ্গীর। তিনি আর্জেন্টিনা বা ব্রাজিল—কোনো দলেরই সমর্থক নন। হাসান জাহাঙ্গীর জানান, একজন মুসলিম হিসেবে তিনি সৌদি আরবকে সমর্থন করেন।
বিষয়টি নিয়ে তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘আমি একজন সচেতন মুসলিম হিসেবে আর্জেন্টিনা বা ব্রাজিলকে সমর্থন করতে পারি না। তারা ইসলামবিরোধী। তাদের দেশে আজান হয় না। আমি জেনে-শুনে এদের সমর্থন করতে পারি না। তাই এবারের বিশ্বকাপে মুসলিম দেশ হিসেবে আমি সৌদি আরবকে সমর্থন করছি।’
এ সময় নিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়েও কথা বলেন এই নির্মাতা। তিনি অভিযোগ করেন, এই সিনেমাটির ক্ষতি করেছেন খোদ অভিনয়শিল্পীরাই। দর্শক এটি পছন্দ করলেও শিল্পীরা এটিকে ‘নাটক’ বলে প্রচারণা চালানোয় এর প্রতি দর্শকের আগ্রহ কমে গেছে।
এদিকে হাসান জাহাঙ্গীরের ‘আন্টি’ শিরোনামের একটি নতুন ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তিনি নিজে অভিনয় করার পাশাপাশি আরও দেখা যাবে চিত্রনায়িকা আঁচল আঁখি ও খল অভিনেতা ডনকে।





