যুক্তরাষ্ট্রে এমদাদের সত্য ঘটনা অবলম্বনে ইমন-অধরা

এমদাদ ভূঁইয়া রাজু। দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজুর বেড়ে ওঠা সিলেটে। ২০০৭ সালে ঘটে যাওয়া এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা—সুবহান নামের একটি চরিত্রকে কেন্দ্র নিউইয়র্কে নির্মিত হয়েছে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।
বন্ধুর প্রতি ভালোবাসা নিদর্শন হিসেবে সত্য ঘটনা অবলম্বনে টেলিছবিটিতে অভিনয় ও প্রযোজনা করেছেন এমদাদ। তার পাশাপাশি অভিনয় করেছেন ঢালিউডের দুই পরিচিত মুখ ইমন ও অধরা খান। গল্পটি লিখেছেন প্রযোজক নিজেই।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে এশিয়া পোস্টকে এমদাদ বলেন, বিগ বাজেটের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিছবিটির পেছনে রয়েছে একটি সত্য ঘটনা এবং এক গভীর বন্ধুত্বের গল্প। আমার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বন্ধুত্বটা যেন ফ্রেমে বাঁধা—আজীবনের। এতে বাংলাদেশের দুইতারকা শিল্পী অধরা খান ও ইমন অভিনয় করেছেন। এই গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’র গল্পের প্রয়োজনে বাংলাদেশ থেকে ইমন ও অধরাকে কাস্ট করেন এমদাদ ভূঁইয়া রাজু। দীর্ঘদিন নিউইয়র্কে শুটিং শেষে অবশেষে টেলিছবিটি আলোর মুখ দেখছে।
টেলিছবিটিতে প্রবাস জীবনের নানা গল্প উঠে আসবে। আসছে ঈদুল ফিতরে ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে এটি। বিগ বাজেটের এই টেলিছবি নির্মাণ করেছেন নেয়ামুল।