logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

জমে থাকা বাচসাস পুরস্কার প্রদান প্রথম অগ্রাধিকার পাবে: রাহাত সাইফুল

জমে থাকা বাচসাস পুরস্কার প্রদান প্রথম অগ্রাধিকার পাবে: রাহাত সাইফুল
রাহাত সাইফুল। ছবি: এশিয়া পোস্ট

এক দশকের পথচলায় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রাইজিংবিডির ফিচার এডিটর রাহাত সাইফুল। ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনটির উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কল্যাণে কোন কোন কাজ করতে চান? এ প্রশ্নের জবাবে রাহাত সাইফুল বলেন, ‘আমাদের এবার প্রথম অগ্রাধিকার হবে দীর্ঘদিন ধরে জমে থাকা বাচসাস পুরস্কার প্রদান। আগামী ৫ এপ্রিল বাচসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে গত চার বছরের পুরস্কার প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। পরবর্তী বছর বাকি চার বছরের পুরস্কার প্রদান করতে চাই। এর মাধ্যমে দীর্ঘদিনের পুরস্কার জট নিরসন হবে বলে আশা করছি।’

Advertisement

একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নে জোরালো পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন রাহাত সাইফুল। তিনি বলেন, ‘আগামী মাসের মধ্যেই বাচসাসের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করতে চাই। পাশাপাশি সংগঠনের নিজস্ব স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করব। সদস্যদের সম্পৃক্ততা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে পরিবার দিবস, ইফতার মাহফিল, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। বাচসাস সদস্যদের পরিচয়পত্র প্রদান এবং সংগঠনের নিজস্ব ওয়েবসাইট চালুর পরিকল্পনাও রয়েছে।’

গত মেয়াদে দায়িত্ব পালন ও অর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত মেয়াদে বাচসাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে বেশকিছু কার্যক্রম বাস্তবায়ন করেছি। পাশাপাশি সংগঠনকে আরো এগিয়ে নিতে বেশ কিছু পরিকল্পনাও গ্রহণ করেছিলাম। এবার সেসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই।’

খানিকটা ব্যাখ্যা করে রাহাত সাইফুল বলেন, ‘২০২৪-২০২৬ মেয়াদে আমরা পরিবার দিবস, ইফতার ও দোয়া মাহফিল, পিঠা উৎসব, গুণীজন সম্মাননা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজন করেছি। সব সময় সদস্যদের পাশে থাকার চেষ্টা করেছি। সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ আল বারাকা হাসপাতালের সঙ্গে বাচসাসের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাচসাস সদস্যরা তুলনামূলক কম খরচে ওই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে পারবেন।’

বাচসাসকে শক্তিশালী একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করে রাহাত সাইফুল বলেন, ‘৮১ জন চলচ্চিত্র সাংবাদিককে বাচসাসের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি। প্রথমবারের মতো ‘বাচসাস ভয়েস’ শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছি। আমাদের এসব উদ্যোগ অব্যাহত থাকবে। গত মেয়াদে যেসব কাজ শুরু করেছি, সেগুলো আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাচসাসকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’

সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহাত সাইফুল বলেন, ‘বাচসাস আমার কাছে শুধু একটি সংগঠন নয়, এটি ভালোবাসা, আবেগ ও আত্মার বন্ধনের জায়গা। এই সংগঠনের সদস্যদের ভালোবাসা, আস্থা ও সমর্থন আমাকে প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। এক দশকের পথচলায় যে সম্মান ও দায়িত্ব পেয়েছি, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার প্রতিটি অর্জন বাচসাসের সদস্যদের, আর আগামী দিনের পথচলাও তাদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।’

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে দীর্ঘ পথচলায় কার্যনির্বাহী সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক, সহসাধারণ সম্পাদক, এরপর সাধারণ সম্পাদক, প্রতিটি ধাপেই রেখেছেন সাফল্যের স্বাক্ষর। ২০১৭ সালে প্রথমবার বাচসাসের নির্বাচনে অংশ নেন রাহাত সাইফুল। ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে এটি ছিল সর্বোচ্চ ভোট। ওই নির্বাচনে মোট ৪০৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। আবদুর রহমান-ইকবাল করিম নিশান প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহাত সাইফুল। ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএস রানা পান ১৯৩ ভোট। অর্থাৎ ৬৬ ভোটের ব্যবধানে জয় পান রাহাত সাইফুল। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ফাল্গুনী হামিদ এবং সাধারণ সম্পাদক হন কামরুজ্জামান বাবু।

২০২২-২৪ মেয়াদেও নির্বাচনে অংশ নিয়ে নিজের অবস্থান আরো সুসংহত করেন রাহাত সাইফুল। এ যাত্রায় সহসাধারণ সম্পাদক পদে ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ নির্বাচনেও প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার কৃতিত্ব তার দখলেই ছিল। মোট ভোট কাস্ট হয়েছিল ৩০১টি। সভাপতি নির্বাচিত হন রাজু আলীম এবং সাধারণ সম্পাদক হন রিমন মাহফুজ।

তিন মেয়াদে নির্বাচনে অংশ নিয়ে ধারাবাহিক বিজয়ের পর ২০২৪-২৬ মেয়াদে নতুন দায়িত্ব পান রাহাত সাইফুল। ওই মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। সভাপতি নির্বাচিত হন কামরুল হাসান দর্পণ। সংগঠনের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে থেকে সদস্যদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং বাচসাসের ঐতিহ্য ধরে রাখার কাজে যুক্ত থাকেন তিনি।

সর্বশেষ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহাত সাইফুল। এবারের নির্বাচনে ৯২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান। টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনে নেতৃত্বের ধারাবাহিকতা সুনামের সঙ্গে ধরে রেখেছেন এই সংগঠক।