logo

ক্যানসার আক্রান্ত সিজেএফবির সভাপতি এনামকে দেখতে হাসপাতালে রিজভী

ক্যানসার আক্রান্ত সিজেএফবির সভাপতি এনামকে দেখতে হাসপাতালে রিজভী
ছবি: এনাম সরকারের পরিবারের সৌজন্যে

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সাংবাদিক এনাম সরকারকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন সংগীত তারকা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, হাসপাতালের অনকোলজি বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেনসহ অন্যান্য চিকিৎসক।

লাং ক্যানসারে আক্রান্ত হয়ে গত প্রায় ৩ মাস এই হাসপাতালে চিকিৎসাধীন গণমাধ্যমকর্মী এনাম সরকার। ৩০ বছরের কর্মজীবনে এনাম সরকার দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ তিনি এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন মিডিয়ার সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবির বর্তমান সভাপতি এনাম সরকার। তার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।