অন্তর্জালে ঝড় তুলল জায়েদ খানের ‘শিকারি’

‘শিকারি’ দিয়ে নেটিজেনদের মনে ঝড় তুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার অন্তর্জালে মুক্তি পেয়েছে তার এই মিউজিক ভিডিও। যা মুর্হূতেই সাড়া ফেলেছে দর্শকমহলে।
সামাজিকমাধ্যমেও গানটি শেয়ার করেছেন জায়েদ। ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইক নিয়ে এন্ট্রি নিতে দেখা যায় তাকে। এরপরই লাস্যময়ী মডেলদের সঙ্গে নাচে মেতে ওঠেন অভিনেতা। কখনও সমুদ্রসৈকতে জাহাজে, কখনও আবার তীর ঘেঁষে রাস্তায় রোমাঞ্চকর দৃশ্যে নিজেকে মেলে ধরেন জায়েদ।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। জানা গেছে, এটি একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। ভিডিওর নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও অংশ নিয়েছেন।
এর আগে, নিজের জন্মদিন উপলক্ষে ‘শিকারি’র পোস্টার প্রকাশ করেছিলেন জায়েদ। পরে গত ১৩ আগস্ট ফেসবুকে গানটির টিজার প্রকাশ করেন অভিনেতা। এবার গানটি মুক্তি পাওয়ার পরই দর্শকদের নজর কাড়লেন জায়েদ।


