রাজকীয় সাজে জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নান্দনিক উপস্থিতির কারণেও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মুগ্ধ করেন এই অভিনেত্রী। এবার রাজকীয় সাজে ধরা দিয়ে ফের নেটিজেনদের নজর কাড়লেন জয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। প্রকাশিত ছবিতে তাকে দেখা গেছে অনেকটা রূপকথার রাজকন্যার মতো সাজে। পুরো সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য, আভিজাত্য ও আধুনিকতার দারুণ এক সমন্বয়।
ছবিতে জয়ার পরনে ছিল সোনালি সুতার কাজ করা রয়্যাল পার্পল বা জামরঙের ব্লাউজ। এর সঙ্গে সবুজ ওড়না এবং লাল রঙের কারুকাজখচিত লেহেঙ্গা। পোশাকের উজ্জ্বল রঙের সমন্বয় তার উপস্থিতিতে যোগ করেছে রাজকীয় আবহ।
পোশাকের পাশাপাশি জয়ার সাজসজ্জাতেও ছিল বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। পরিপাটি খোঁপায় জড়ানো ছিল সাদা বেলি ফুলের গজরা। কপালে ছোট টিপ, সিঁথিতে সোনালি টিকলি, কানে ঝুমকা, গলায় ভারী ঐতিহ্যবাহী গহনা এবং হাতে চুড়ি- সব মিলিয়ে সাজটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।
হাতের আলতা ও মেহেদির নকশাও আলাদাভাবে নজর কেড়েছে। আর ছবিতে এক হাত দিয়ে মুখ আড়াল করে জয়ার দেওয়া বিশেষ ভঙ্গি পুরো ফটোশুটে যোগ করেছে এক ধরনের কাব্যিক আবহ।
নতুন নতুন লুকে প্রায়ই ভক্তদের চমকে দেন জয়া আহসান। কখনও আধুনিক ফ্যাশনে, কখনোবা বাঙালি ঐতিহ্যের সাজে নিজেকে উপস্থাপন করে প্রশংসা কুড়ান তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
জয়ার নতুন এই রাজকীয় সাজের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন ভক্ত ও নেটিজেনরা। অনেকের চোখে, ঐতিহ্যবাহী সাজে জয়ার এই উপস্থিতি যেন বাস্তবের মাটিতে রূপকথার কোনো রাজকন্যার আবির্ভাব।

