ক্যানসারের চিকিৎসার মাঝেই অভিনয়ে ফিরছেন দীপিকা

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। যার কারণে এত দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার ভক্তদের সুখবর দিলেন এ সুন্দরী। ক্যানসারের চিকিৎসার মাঝেই অভিনয়ে ফিরছেন দীপিকা।
অভিনয়ে ফেরার খবরটি নিজেই প্রকাশ করেছেন দীপিকা। সম্প্রতি নিজের ভ্লগে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। দীপিকা জানান, অভিনয়ে ফিরবেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদি কোনো মেগা ধারাবাহিকে কাজ করবেন না।
অভিনেত্রী বলেন, ‘দেখুন, আমার বর্তমান যা শারীরিক অবস্থা, তাতে মনে হয় না কোনো মেগা ধারাবাহিকে সুযোগ পাব। আর স্বাভাবিকভাবে চিন্তা করলে, এই জটিল চিকিৎসা চলাকালে কেউ কেনইবা আমার মতো একজন শিল্পীকে নিয়ে কাজের ঝুঁকি নেবেন? এটি তো খুবই স্বাভাবিক একটি বিষয়।’
চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে নিয়মিত ও দীর্ঘ সময়ের শুটিং করা তার পক্ষে কঠিন বলেও জানান দীপিকা। তবে অভিনয় থেকে একেবারে সরে দাঁড়াচ্ছেন না তিনি। বরং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ছোট পরিসরের কাজ দিয়ে ফিরছেন পর্দায়।
সম্প্রতি স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিং করছেন দীপিকা। এ কাজের জন্য ড্যান্সের রিহার্সালও শুরু করেছেন তিনি। অভিনেত্রী জানান, মিউজিক ভিডিওটির শুটিং একদিনেই শেষ করার পরিকল্পনা করা হয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে সেটে থাকতে হবে না তাকে। গানটির নাচও খুব বেশি কঠিন নয়, বরং হালকা ধরনের নাচ থাকবে বলে জানিয়েছেন তিনি।
দীপিকার ভাষায়, ‘গান তো একদিনের শুটিং, এটা অবশ্যই সামলানো সম্ভব।’ অর্থাৎ আপাতত নিয়মিত ধারাবাহিকের মতো দীর্ঘ শিডিউলের কাজ না করে স্বল্প সময়ের প্রকল্পেই যুক্ত থাকতে চান তিনি।
এর আগে ২০২৫ সালে ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এ দেখা গিয়েছিল দীপিকাকে। শারীরিক অসুস্থতার কারণে অবশ্য অনুষ্ঠানটি মাঝপথে ছাড়তে হয় তাকে। টেলিভিশনের কোনো পূর্ণাঙ্গ ধারাবাহিকে সর্বশেষ তাকে দেখা যায় ‘কাহাঁ হাম কাহাঁ তুম’ ধারাবাহিকে।
২০২৫ সালে দীপিকার লিভারে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারের টিউমার অপসারণ করা হয়। চলতি বছর ২৩ ফেব্রুয়ারি পেটের একটি সিস্ট অপসারণের জন্যও অস্ত্রোপচার করা হয় তার। এরপর চিকিৎসার অংশ হিসেবে ইমিউনোথেরাপি শুরু করেছেন অভিনেত্রী।
জুনে তার স্বামী শোয়েব ইব্রাহিম জানিয়েছিলেন, এই চিকিৎসা মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে শুরু হয়েছে এবং তখন পর্যন্ত নতুন করে কোনো অস্ত্রোপচারের পরিকল্পনা ছিল না।
চলমান চিকিৎসার মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন দীপিকা। তার এই সীমিত পরিসরের কাজে ফেরাকে অভিনয়ে পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের প্রথম ধাপ হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে