‘তৃতীয় সার্জারি, জীবন সুন্দর তানিয়া’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সময় মোটেও তার সঙ্গ দিচ্ছে না। এ বছরের ফেব্রুয়ারি থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি। অল্প সময়ের ব্যবধানে তার মস্তিষ্কে তিনবার টিউমার অপারেশন করতে হয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়লেও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন সাহসের সঙ্গে।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথমবার ব্রেন টিউমারের অস্ত্রোপচার হয় তার। প্রাথমিকভাবে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে গত মার্চে এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।
দ্বিতীয় অস্ত্রোপচারের পর দেশে ফিরলেও চিকিৎসকদের পরামর্শে আবারও তাকে চেন্নাই যেতে হয়। চলতি মাসের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তিনি ভারতে যান। ১ এপ্রিল সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তানিয়া, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আবার শুরু করি তানিয়া।’
অবশেষে শুক্রবার তিনি নিজেই জানান, তার তৃতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতালের শয্যায় থেকেও আশাবাদী কণ্ঠে লেখেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’
তার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেতা-পরিচালক কচি খন্দকার, নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ অনেকে সামাজিকমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সব প্রতিকূলতার মধ্যেও তানিয়া বৃষ্টি লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। এসময় পাশে পাচ্ছেন সহকর্মী ও ভক্তদের।