logo

ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা: পিয়া জান্নাতুল

ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা: পিয়া জান্নাতুল

দেশের অন্যতম সেরা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের আজ জন্মদিন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন পিয়া জান্নাতুল, যা তাকে দেশের সর্বাধিক পরিচিতি দিয়েছে। এরপর তিনি অভিনেত্রী হিসেবেও পরিচিতি অর্জন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন তরুণ আইনজীবী হিসেবে কর্মরত, যেখানে তিনি আইন অঙ্গনেও সফলতার স্বাক্ষর রেখেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পিয়া জান্নাতুল।

পোস্টে তিনি জানান, তার একাধিক পরিচয় রয়েছে—তিনি একজন ফ্যাশন মডেল, একই সঙ্গে আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন।

ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের বলে জানান পিয়া। এ প্রসঙ্গে তিনি লেখেন, ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা। এদিকে, তার পোস্টে সমালোচনার বিষয়টিও উঠে আসে। মন্তব্যের ঘরে একজন প্রশ্ন তোলেন—নেইলপলিশ পরে নামাজ আদায় করা নিয়ে।

এ বিষয়ে পিয়া বলেন, আমার বা যে কোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে—সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সব সময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।

সবশেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।