সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অল্প বয়সি অভিনেত্রী কাইলি হটলে

ব্লকবাস্টার সিনেমা ‘গডজিলা ভার্সেস কং’খ্যাত অভিনেত্রী কাইলি হটলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডেরিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
দ্য গার্ডিয়ানের সূত্রে জানা যায়, মাত্র ১৮ বছর বয়সে মারা যান অভিনেত্রী। তার বাবা জোশুয়া আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে ধারণ করা একটি ফেসবুক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
কাইলি হটলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’। শোকবার্তায় তারা জানায়, এই কঠিন সময়ে কাইলির পরিবার, বন্ধু-বান্ধব, সহপাঠী এবং তাকে ভালোবাসেন এমন সবার প্রতি আমাদের সমবেদনা।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত হিট অ্যাডভেঞ্চার ছবি ‘গডজিলা ভার্সেস কং’–এ ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান কাইলি হটলে। সিনেমাটিতে তিনি একজন অনাথ বধির শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন, যে বিশালাকার ‘কং’-এর সঙ্গে বিশেষ এক মেলবন্ধন তৈরি করতে পেরেছিল। চলচ্চিত্রে তার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রেবেকা হল।
কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করে রেবেকা সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের ছবি শেয়ার করে লেখেন, “এই খবর শুনে আমি স্তব্ধ ও গভীরভাবে মর্মাহত। তোমার পরিবারের প্রতি আমার সমবেদনা। তোমাকে খুব মনে পড়বে, কাইলি।”
কাইলি কানে শুনতে পেতেন না। কাইলির সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধার জন্য রেবেকা হল এবং সহশিল্পী আলেকজান্ডার স্কার্সগার্ড সেটে সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন।
এক সাক্ষাৎকারে নিজের কাজের গুরুত্ব তুলে ধরে কাইলি বলেছিলেন, ‘আমি বধির ব্যক্তি হয়েও মনস্টার সিনেমায় অভিনয় করছি। আমি অন্য বধির মানুষদের জানাতে চাই যে, তারাও এটি করতে পারে। কোনো সীমানা বা বাধা বলে কিছু নেই।’
বধিরতাকে কোনো সীমাবদ্ধতা না ভেবে এটিকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য এবং শোবিজ ইন্ডাস্ট্রিতে আরও বেশি বধির অভিনয়শিল্পী ও কলাকুশলী যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন তিনি।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রে দারুণ অভিনয়ের জন্য তিনি স্যাটার্ন অ্যাওয়ার্ডে ‘সেরা তরুণ অভিনয়শিল্পী’ বিভাগে মনোনীত হন। এছাড়া তিনি কিছু বিজ্ঞাপনে এবং বিখ্যাত টিভি সিরিজ ‘ম্যাগনাম পিআই’–এর একটি পর্বে অভিনয় করেছেন।
.png)






