শহরে আজ যুদ্ধবিরোধী কনসার্ট

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, গণহত্যা ও সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ কনসার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে ‘নো ওয়ার নো এম্পায়ার’ শিরোনামের এই আয়োজন।
বেশ কয়েকটি রাজনৈতিক দল ও প্রগতিশীল ছাত্রসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড অংশ নেবেন। অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছেন কফিল আহমেদ, অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, সুচিন মারমা ও কুয়াশা মূর্খ। পাশাপাশি পারফর্ম করবে ব্যান্ড সহজিয়া, কোরাস, দ্য কমরেডস, বাংলা ফাইভ, মাভৈ ও সমগীত।
আয়োজকরা জানান, ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা, কিউবাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে সংহতি জানানোই এই কনসার্টের মূল উদ্দেশ্য। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক ও
অর্থনৈতিক প্রভাব নিয়েও সচেতনতা তৈরি করা হবে।
তারা জানান, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরোধী অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ উঠবে, সেখানেই শিল্পীদের সমর্থন থাকা প্রয়োজন।
আয়োজকদের মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সংস্কৃতি ও সংগীতের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি। তাই এই কনসার্টের মাধ্যমে জনমত গড়ে তোলা এবং মানুষকে সচেতন করাই তাদের লক্ষ্য। কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত।