logo

ঈদে জি সিরিজে নাটক ‘সাত দিন’

ঈদে জি সিরিজে নাটক ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে নাটক ‘সাত দিন’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন।

নাটকটিতে অভিনয় করেছেন—শরাফ আহমেদ জীবন, রিয়া ঘোষ, রুবাউয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম শামীম, শেখ সেলিমসহ আরও অনেকে।

নির্মাতা জানান, নাটকটির গল্প আবর্তিত হয়েছে রাকিব ও শম্পা নামের এক দম্পতির জীবনকে কেন্দ্র করে। 

গল্পে দেখা যাবে, একসময় রাকিবের মনে হয় নিজের মতো করে কিছু সময় কাটানো দরকার। এমন সময় শম্পা সাত দিনের জন্য বড় বোনের বাসায় যাওয়ার পরিকল্পনা করে। বাইরে থেকে মন খারাপের ভান করলেও ভিতরে ভিতরে বেশ খুশি হয় রাকিব। কারণ এই সময়টাতে সে নিজের মতো করে জীবন কাটানোর পরিকল্পনা করে।

এরপর শুরু হয় রাকিবের সাত দিনের নানা পরিকল্পনা। কখনো ঘুমিয়ে সময় কাটানো, কখনো পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা করা, আবার কখনো অফিস সহকর্মীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা—তবে প্রতিটি পরিকল্পনাই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার কারণে ভেস্তে যায়।

পুরোনো প্রেমিকার হঠাৎ স্বামীসহ হাজির হওয়া, সহকর্মীর সঙ্গে বিব্রতকর পরিস্থিতিতে পড়া, জুয়ায় অর্থ হারানো কিংবা বন্ধুর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা নষ্ট হয়ে যাওয়া—সব মিলিয়ে রাকিবের সেই ‘স্বাধীন’ সাত দিন পরিণত হয় নানা হাস্যরসাত্মক বিপত্তিতে।

নাটকটি ঈদ উপলক্ষে মুক্তি পাবে জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।