‘আমার আমিকে মুক্তি করে দিলাম আবার কাঁদছো কেন’

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় এশিয়া পোস্টকে বলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
এদিকে, খবরটি সাংবাদিকদের নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।
আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।
অভিনেতা স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে পারিবারিক কলহ এবং আলভীর এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে প্রধান কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও জোরালো করে তুলেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ১৩ মিনিটে আলভী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল- ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।
আলভীর সেই স্ট্যাটাসের নিচে তার স্ত্রী মন্তব্য করেন, অভিনন্দন। ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম আবার কাঁদছো কেন?
এদিকে, আলভী এই পোস্টের ঠিক কয়েক ঘণ্টা পর, শুক্রবার সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, কেউ একজন কারও পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই স্ক্রিনশটগুলো প্রমাণ করে যে, মৃত্যুর আগে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব এবং তিক্ততা চরমে পৌঁছেছিল।