বিশ্বকাপের ফাইনালে গাইবেন জাস্টিন বিবার

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ‘হাফ-টাইম শো’তে পারফর্ম করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ তারকা জাস্টিন বিবার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক সিটির উপকণ্ঠে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের মধ্যবর্তী বিরতিতেই মঞ্চ মাতাবেন এই পপ তারকা।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো ফাইনালে এমন জমকালো মিউজিক্যাল ‘হাফ-টাইম শো’র আয়োজন করা হচ্ছে।ফিফা জানিয়েছে, মাত্র ১১ মিনিটের এই বিশেষ আয়োজনে জাস্টিন বিবারের সঙ্গে সহশিল্পী হিসেবে মঞ্চে আরও উপস্থিত থাকবেন পপ কুইন ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয়ব্যান্ড বিটিএস।
ফিফার এই অভূতপূর্ব ঘোষণায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও সংগীতানুরাগীদের মাঝে ফাইনাল ম্যাচটি নিয়ে উন্মাদনা বহুগুণ বেড়ে গেছে।





