মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা

এক ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা উদযাপন করে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বরাবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিতে ভালোবাসেন এ তারকা। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন সামান্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই বিশেষ আচার-অনুষ্ঠান প্রসঙ্গে সামান্থা জানিয়েছেন যে, ছোটবেলা থেকেই বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তার মনে গভীর শ্রদ্ধা কাজ করে। প্রতিটি রীতিনীতির পেছনের সুনির্দিষ্ট তাৎপর্য সবসময় হয়তো তার বোধগম্য হয় না, তবে এর পেছনে থাকা আবেগ ও বিশ্বাসের শক্তির ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
এদিন হালকা মেকআপে ক্যামেরাবন্দি হয়েছেন সামান্থা। হলুদ রঙের পোশাকে হালকা গহনায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। ছবিতে সামান্থা ও রাজের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও। যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামান্থা।
সন্তানের অপেক্ষায় থাকার কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও কাজের সঙ্গে যোগাযোগ পুরোপুরি ছিন্ন করছেন না সামান্থা রুথ প্রভু। শীঘ্রই তাকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে অনুষ্ঠানটি স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে।
অভিনয় বা নতুন কোনো প্রজেক্ট নয়, বর্তমান সময়ে সামান্থা রুথ প্রভুর জীবনের সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে মাতৃত্ব। ঐতিহ্যবাহী আয়োজনের এই বিশেষ মুহূর্তটি ইতিমধ্যেই অনুরাগীদের মাঝে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।

