logo

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চাই: দীঘি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চাই: দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি ও চিত্রনায়িকা পরীমণি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। আলোচিত এই নায়িকার বায়োপিকে এবার অভিনয় করার ইচ্ছার কথা জানালেন আরেক নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এশিয়া পোস্টের বিনোদন অনুষ্ঠান এপি স্টারে এসে এমনটাই জানান তিনি।

অনুষ্ঠানে দীঘি নিজের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। জানান তার ভবিষ্যৎ কাজের পরিকল্পনাও। এরপর উপস্থাপিকা শান্তা জাহান তার কাছে জানতে চান, কখনো সুযোগ হলে কার বায়োপিকে অভিনয় করতে চান দীঘি। উত্তরে এই নায়িকা বলেন, ‘আমি পরীমণি আপুর বায়োপিকে অভিনয় করতে চাই। আপুর একটি সাক্ষাৎকারে তাকে বলতে শুনেছিলাম, তিনি তার বায়োপিকে নিজেই অভিনয় করতে চান। আমি মনে করি পরীর বায়োপিক হবে, সবচেয়ে ফাইনেস্ট এন্টারটেইনিং ও আলোচিত বায়োপিক। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। এ জন্য যদি কারও বায়োপিকে অভিনয় করি তাহলে পরী আপুর জীবনের গল্পেই অভিনয় করতে চাই।’

ইন্ডাস্ট্রিতে দীঘির পথচলা শিশুশিল্পী হিসেবে। ছোট বেলাতেই তিনি পেয়ে যান আকাশচুম্বী জনপ্রিয়তা। সিনেমায় অভিনয় করে পেয়ে জান তিন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই সফলতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দীঘি। সবশেষ তাকে এম রাহিমের ‘জংলি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।