logo

আরশাদ আদনানের নায়িকা বলিউডের কিয়ারা

আরশাদ আদনানের নায়িকা বলিউডের কিয়ারা
ছবিতে কিয়ারা ও আদনান

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক আরশাদ আদনান ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বড় বাজেটের এই সিনেমায় শাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করেন তিনি। এতে ভারতীয় ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পালকে নায়িকা করে ব্যবসাসফল সিনেমা উপহার দেন।

এরপর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ও শাকিব খানকে জুটি করে আরও একটি বড় বাজেটের সিনেমা ‘রাজকুমার’ নির্মাণ করে আলোচনায় আসেন।

Advertisement

আসন্ন দুই ঈদের জন্য এই প্রযোজক নির্মাণ করছেন ‘নসীব’ ও ‘মহব্বত’ নামের দুটি সিনেমা। ‘নসীব’ সিনেমার জন্য বলিউড অভিনেতা মুকেশ ঋষি বাংলাদেশে এসেছেন। অন্যদিকে, ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা কিনজা হাশমিকে দেখা যাবে।

এরই মধ্যে ফেসবুকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে আরশাদ আদনান ক্যাপশনে লিখেছেন, ‘নেক্সট’। প্রযোজকের এই পোস্টের পর অনেকেই ধারণা করছিলেন ‘মহব্বত’ সিনেমাতেই হয়তো দেখা যাবে কিয়ারাকে।

জানা গেছে, এই প্রযোজকের পরবর্তী প্রজেক্টে কাজের জন্য নায়িকা হিসেবে ‘কবির সিং’ খ্যাত কিয়ারার সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে হাতে থাকা দুটি সিনেমার কাজ শেষে নতুন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।