‘ডিগার’ সিনেমায় নতুন লুকে আসছেন টম ক্রুজ

‘দ্য মিশন: ইম্পসিবল’ ও ‘টপ গান’ তারকা টম ক্রুজকে এবার দেখা যাবে অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর নতুন ব্যঙ্গাত্মক সিনেমা ‘ডিগার’-এ।
একজন খ্যাপাটে ও অদ্ভুত স্বভাবের তেল ব্যবসায়ী ‘ডিগার রকওয়েল’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রের জন্য ভারী মেকআপ ও নকল দাঁত ব্যবহার করে নিজের চেহারায় এক অবিশ্বাস্য পরিবর্তন এনেছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা।
২০১৭ সালের ‘আমেরিকান মেড’ সিনেমার পর এটিই টম ক্রুজের প্রথম কোনো নন-ফ্র্যাঞ্চাইজি (ধারাবাহিক নয় এমন) সিনেমা। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্সের এক সংবাদ সম্মেলনে টম ক্রুজ তার এই নতুন লুক ও চরিত্র ফুটিয়ে তোলার পেছনের গল্প শেয়ার করেন।
টম ক্রুজ বলেন, চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে শরীরের অঙ্গভঙ্গি দিয়ে আমরা একটি গল্প বলি। আমি চাই দর্শক যেন গল্পের ভেতরে ডুবে যান। চরিত্রের পোশাক, কাউবয় বুটের রং, শর্টস কেমন হবে সবকিছু নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি।
তিনি আরও জানান, এই চরিত্রের জন্য যখনই তিনি নকল দাঁত মুখে পরতেন, তখনই মুহূর্তের মধ্যে চরিত্রের ভেতরে যেতে পারতেন এবং এর সাহায্যে সংলাপ বলা সহজ হতো।
পরিচালক ইনারিতুর প্রশংসা করে ক্রুজ বলেন, আলেহান্দ্রো মিউজিক খুব ভালো বোঝেন। প্রতিটি চরিত্রের একটি নিজস্ব ছন্দ বা সুর থাকে। আমরা মেকআপ ও অভিনয়ের সময় সেই সুরটাই ধরার চেষ্টা করেছি, যাতে কমেডি ও ড্রামার ভারসাম্য ঠিক থাকে।
টম ক্রুজের এই অবিশ্বাস্য শারীরিক রূপান্তর এবং ব্যতিক্রমী অভিনয় ‘ডিগার’ সিনেমাটিকে ঘিরে দর্শকদের মাঝে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।




