ঈদের আকর্ষণ তৌসিফ-নীহার ‘প্রেমাতাল’

এবারের ঈদে অসাধারণ এক প্রেমের গল্প ‘প্রেমাতাল’ নিয়ে আসছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। ঈদের বিশেষ এ নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।
সিএমভির ব্যানারে নির্মিত এই রোমান্টিক নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন সুমন হোসাইন। এবারের ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা হাসিব হোসাইন রাখি রহস্যই রেখে দিলেন। তিনি নাটকটির গল্প প্রসঙ্গে আগাম কোনো ক্লু দিতে আগ্রহ প্রকাশ করেননি। তবে নাটকটি যে প্রেম আর বিরহের মিশ্রণে বানানো হয়েছে, সেটি জানান।
নির্মাতা রাখি শুধু এটুকু জানান, গল্পটিতে ছেলের জন্য একজন মায়ের অপেক্ষার আকুতির পাশাপাশি একজন স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষা দেখানো হয়েছে। যে অপেক্ষায় মিশে আছে প্রেম, ভালোবাসা, ঘৃণা, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতা।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, সাম্প্রতিক সময়ে এমন গল্পের চিত্রনাট্য খুব কমই দেখা যায়। তাই এবারের ঈদে ‘প্রেমাতাল’ থাকবে দর্শকের আগ্রহের শীর্ষে।