logo

দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন, তৃতীয় সার্জারিও করতে হবে: তানিয়া বৃষ্টি

দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন, তৃতীয় সার্জারিও করতে হবে: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সময় মোটেও তার সঙ্গ দিচ্ছে না। এ বছরের ফেব্রুয়ারি থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি। অল্প সময়ের ব্যবধানে তার মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সামাজিকমাধ্যমে নিজের তৃতীয়বার অপারেশনের ইঙ্গিত দেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) জানালেন বিস্তারিত।

এদিন নিজের ফেসবুকে তানিয়া বৃষ্টি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়— নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।

এর আগে তিনি লিখেছিলেন, তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।

মন্তব্যের ঘরে সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকে সেখানে কমেন্ট করেছিলেন। অভিনেতা ইন্তেখাব দিনার, রওনক হাসান, অভিনেত্রী তানভিন সুইটি, মনিরা মিঠু প্রমুখ সুস্থতা কামনা করেছিলেন। 

গত ফেব্রুয়ারি মাসে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর প্রকাশ পায়। ১৫ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয় তার। 

এরপর ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। সেবার টানা ১৪ দিন হাসপাতালে থাকার পর গেল ২৩ মার্চ দেশে ফেরেন অভিনেত্রী।