logo
Advertisement

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে সোচ্চার চমক

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে সোচ্চার চমক
রুকাইয়া জাহান চমক। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক ব্লগ তৈরি করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার তরুণ সমাজের উদ্দেশে অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব নিয়ে বার্তা দিয়েই যেন সকলের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। বর্তমান সময়ের এসব অনলাইন বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছেন এ অভিনেত্রী।

বেটিং অ্যাপ কীভাবে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে, তা নিয়ে সোমবার এক যুবকের করুণ পরিণতি তুলে ধরে ভিডিওবার্তা দিয়েছেন চমক। মাত্র ১ হাজার টাকার লোভে শুরু করে কীভাবে ওই যুবক শেষ পর্যন্ত ১০ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়েছিল, সেই ভয়ংকর অভিজ্ঞতাই শেয়ার করেছেন তিনি।

উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী আরও জানান, বর্তমানে দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ার মরণফাঁদে জড়িয়ে আছে। সময়মতো জোরালো পদক্ষেপ নেওয়া না হলে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চমকের কথায়, ‘বর্তমানে দেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৩০ কোটি টাকায়। ২০২৬ সালের তদন্ত অনুযায়ী একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে দৈনিক প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেন শনাক্ত হয়েছে।’

এখানেই শেষ নয়, সামান্য অর্থের লোভে বেটিং অ্যাপের প্রচার না করতে দেশের সব তারকা ও কনটেন্ট ক্রিয়েটরদের স্পষ্ট বার্তা দিয়েছেন চমক। দায়িত্বশীল এই আহ্বানের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।