আলভীর শাশুড়ি ইকরার মায়ের আহাজারি

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মরদেহ আজ (রোববার) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এ সময় মর্গের বাইরে দেখা যায় স্বজনের আহাজারি।
হাসপাতালের বাইরে ইকরার মায়ের বুকফাটা আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। মেয়েকে হারানোর কষ্টে বুক চাপড়ে তিনি বলতে থাকেন, ‘আমার মেয়েকে আমার বুকে দিয়া যাও। কত ভিক্ষা চাইছিলাম মেয়েকে। দিল না আমার মেয়েরে।’
মর্গের বাইরে উপস্থিত ছিলেন ইকরার বাবা কবির হায়াত খান, খালু কামরুজ্জামান ও খালা ফারজানা। ইকরার বাবাও অভিযোগ করে বলেন, ‘ওর মায়ের কাছে বারবার আমার মেয়েকে ভিক্ষা চাইছি। বিয়ের পর মেয়ের জন্য মেনে নিছি। ছেলে অসভ্য।’ জানা যায়, ইকরার মরদেহ ময়মনসিংহে গ্রামের বাড়িতে নেওয়া হবে ও সেখানে দাফন করা হবে।
কান্নাজড়িত কণ্ঠে ইকরার মা আরও বলেন, ‘আমার মেয়েরে সর্বোচ্চ বিদ্যাপিঠে পড়াইছি। মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পাইছে। আমার মাইয়াটারে ফেরায়া দাও। আমি এর শাস্তি চাই। আপনারা সবাই শাস্তি দেন।’ এসময় স্বজনদের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ইকরার মরদেহ উদ্ধারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। স্বামী-স্ত্রীর মধ্যকার চরম তিক্ততা ও মানসিক দূরত্বের কারণেই এই করুণ ঘটনা ঘটে বলে জানান নেটিজেনরা। পল্লবী থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে।
শোবিজ অঙ্গনের তারকাসহ সবাই এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি পুরো বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।