logo
Advertisement

৪০ বছর পর ভাই সোহেল রানাকে ঘড়ি উপহার দিলেন রুবেল

এশিয়া পোস্ট বিনোদন

৪০ বছর পর ভাই সোহেল রানাকে ঘড়ি উপহার দিলেন রুবেল
ছবি: সোহলে রানা ও রুবেল

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও বড় ভাই সোহেল রানার চল্লিশ বছরের পুরোনো ইচ্ছা পূরণ করলেন নায়ক রুবেল। উপহার দিলেন দামি ঘড়ি। ছোট ভাইয়ের কাছে থেকে পছন্দের ঘড়ি পেয়ে চমকে উঠলেন সোহেলও। ২৮ আগস্ট সামাজিক মাধ্যমে আবেগঘন এই মুহূর্তটি তুলে ধরেন অভিনেতা নিজেই।

Advertisement

জানা গেছে, প্রায় ৪০ বছর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন সোহেল রানা। সে সময় সঙ্গে ছিলেন ছোট ভাই রুবেল ও নির্মাতা শহীদুল ইসলাম খোকন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে হোটেলে ফেরার পর বিকেলে ঘুরতে বের হন তারা। একপর্যায়ে একটি ঘড়ির দোকানে ঢোকেন তারা। মূলত দামি ঘড়ি কিনতেই সেখানে গিয়েছিলেন সোহেল রানা।

ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, দামি ঘড়ি কেনার আমার একটা শখ ছিল। রাডো ব্র্যান্ডের ঘড়ি হাতে ছিল। এরপরও আরও একটা দামি ঘড়ি কেনার জন্য আমরা দোকানে গেলাম। সেখানে সবচেয়ে দামি ঘড়িটাই আমাকে দেখানো হলো। কিন্তু দাম শুনে আর কেনার সাহস হয়নি। কারণ, এত টাকা আমার কাছে ছিল না। তাই বুচারা ব্র্যান্ডের ঘড়ি কিনে আনি। তবে চোখ আটকে ছিল ওই ঘড়িটিরি দিকেই।

সোহেল রানা আরও লেখেন, প্রায় ৪০ বছর আগের কথা, তবে আমি ভুলে গেলেও রুবেল কিন্তু ভোলেনি। বৃহস্পতিবার বাসায় এসে আমার হাতে ঘড়ি পরিয়ে দিয়ে বলল—যে ঘড়িটা তুমি পছন্দ করেছিলে, তার দাম এখনও আমার নাগালের বাইরে; এক কোটি থেকে দেড় কোটি টাকা।

সবশেষে তিনি লিখেছেন, যে ঘড়িটা আমাকে দিলো, দাম বলব না। দাম দিয়ে সবকিছু কেনা যায় না, হৃদয় থাকতে হয়। আমার সেই ইচ্ছেটা মনে রেখে চল্লিশ বছর পরে বড় ভাইয়ের জন্য অনেক দামি একটা ঘড়ি নিয়ে এলো রবেল। মৃত্যুর আগ পর্যন্ত ছোট ভাইয়ের দেওয়া ঘড়িটি পরে থাকবেন বলে জানান সোহেল রানা।