শরীফ-স্বরলিপির ‘তুমি আসবে বলে’

প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী শরীফ ও স্বরলিপির দ্বৈতগান ‘তুমি আসবে বলে’। গানটির গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা, সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। ঈদুল আজহা উপলক্ষে, ইব্রাহিম খলিলের নির্দেশনায় ভিডিও আকারে ‘তিন তার’-এর ইউটিউব চ্যানেলে এটি দেখা যাচ্ছে। গানে মডেল হয়েছেন শরীফ ও স্বরলিপি।
গানটি নিয়ে গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘শরীফের কণ্ঠে একটি অন্যরকম মায়া আছে, তার উচ্চারণভঙ্গী বেশ আকর্ষণীয়। অন্যদিকে স্বরলিপির গায়কি নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসংখ্য ভক্তশ্রোতা রয়েছে তার গানের। সে কারণে ‘তুমি আসবে বলে’ গানটির বাণী রচনা এবং সুর সংযোজনের ক্ষেত্রে আমি ভীষণ যত্নছিল ছিলাম। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
কণ্ঠশিল্পী শরীফ বলেন, ‘ভালবাসা একটি পবিত্র অনুভূতির বিষয়। প্রিয়জনকে কাছে পাওয়ার ব্যাকুলতা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না, তাকে হৃদয়তন্ত্রীর সুরবীণায় বাজাতে হয়। ‘তুমি আসবে বলে’ গানের কথা ও সুরের সাথে একাত্ম হয়ে আমি সেই অব্যক্ত অনুভূতিকেই প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র।’
কণ্ঠশিল্পী স্বরলিপি বলেন, ‘সহজ কথার-মিষ্টি সুরের পরিচ্ছন্ন মিউজিকের গান ‘তুমি আসবে বলে’। গানটির মধ্যে একটি দোলা রয়েছে, যা শোনামাত্রই শ্রোতারাও একসঙ্গে গেয়ে উঠবেন এই গান।’