logo
Advertisement

বটতলার নাট্যোৎসবে নওশাবার ‘ধরণীর গান’

বটতলার নাট্যোৎসবে নওশাবার ‘ধরণীর গান’
বটতলার নাট্যোৎসবে নওশাবার ‘ধরণীর গান’। ছবি: ফেসবুক থেকে

নাট্যদল বটতলার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব’কে ঘিরে গতকাল (২৯ আগস্ট) মঞ্চস্থ হলো বিশেষ সংগীত ও নৃত্য পরিবেশনা ‘ধরণীর গান’। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের অলাভজনক সংগঠন ‘টুগেদার উই ক্যান’-এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন।

Advertisement

মমতা, মানবিকতা, সমতা ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে সাজানো ‘ধরণীর গান’-এ অংশ নেন শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার শিল্পীরা। আয়োজনটির অন্যতম বিশেষত্ব ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পী ও শিশুদের অন্য শিল্পী ও শিশুদের সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণ। সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে সমাজে সমতা, মর্যাদা, বন্ধুত্ব এবং সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

‘এই পৃথিবীর প্রতি আমাদের উপহার হোক নিরাময়’-এই বার্তাকে সামনে রেখে সাজানো হয় পুরো পরিবেশনা। শিল্পের মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক যোগাযোগ ও গ্রহণযোগ্যতার পরিবেশ তৈরি করাই ছিল আয়োজকদের অন্যতম লক্ষ্য।

‘ধরণীর গান’ প্রসঙ্গে আয়োজকেরা জানান, সমাজে প্রত্যেক মানুষের সমান মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা থেকেই এ ধরনের আয়োজনের ভাবনা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও শিল্পীদের আলাদা করে না দেখে একই মঞ্চে, একই পরিবেশনায় যুক্ত করার মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের সংগঠন ‘টুগেদার উই ক্যান’ দীর্ঘদিন ধরে শিশু ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে মানবিক ও সামাজিক সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘ধরণীর গান’ও সেই ধারাবাহিকতার একটি বিশেষ আয়োজন।

বটতলার ১৮ বছর পূর্তির উৎসব

এদিকে দেশের অন্যতম জনপ্রিয় নাট্যদল বটতলার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। ‘সময়ের প্রয়োজনে, সময়ের প্রতিকূলে’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসব শুরু হয়েছে ২৮ আগস্ট, চলবে আজ ৩০ আগস্ট পর্যন্ত।

উৎসবের প্রথম দিন বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় কথাসাহিত্যিক বশীর আলহেলাল স্মরণাঞ্জলি। তাঁর উপন্যাস ‘কালো ইলিশ’ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, পাঠ, স্মৃতিচারণ, গান ও চিত্রপ্রদর্শনের আয়োজন ছিল সেখানে।

উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হচ্ছে ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব’২৬’। এতে শিশুদের নাটক, পাপেট শো, সংগীত পরিবেশনার পাশাপাশি চিত্রাঙ্কন, মৃৎশিল্প ও পাপেট তৈরির কর্মশালার আয়োজন রাখা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মঞ্চস্থ হয় ‘ধরণীর গান’।

আজ উৎসবের শেষ দিনে গ্রন্থিকের গল্প বলার আসর দিয়ে শুরু হবে সমাপনী দিনের কার্যক্রম। সন্ধ্যায় ইউনিভার্সেল পাপেটের পরিবেশনায় থাকছে ‘সবুজ দেশের বিপদ’। পাশাপাশি বটতলার নিজস্ব প্রযোজনা ‘ডাকাত হালুম চিৎপটাং’ ও ‘বন্যথেরিয়াম’ মঞ্চস্থ হবে। সমাপনী আয়োজনে প্রদান করা হবে ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক-২০২৬’।

২০০৮ সালের ২৭ আগস্ট আনুষ্ঠানিক পথচলা শুরু করে বটতলা। ১৮ বছরের যাত্রায় দলটি মঞ্চে এনেছে ‘ক্রাচের কর্নেল’, ‘সখী রঙ্গমালা’, ‘খনা’, ‘রাইজ অ্যান্ড শাইন’, ‘মার্ক্স ইন সোহো’, ‘মধুশিকারি’, ‘ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’ ও ‘জতুগৃহ’-এর মতো প্রশংসিত প্রযোজনা। নাট্যচর্চার পাশাপাশি অভিনয় শেখাতে ‘অ্যাক্টরস স্টুডিও’ নামের একটি স্কুলও পরিচালনা করছে দলটি।