logo

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’
‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ এর বিজয়ীরা। ছবি: আয়োজকদের সৌজন্যে

চিকিৎসকের পরিচয়ের বাইরেও রয়েছে নানা প্রতিভা। কেউ নেতৃত্বে দক্ষ, কেউ সৃজনশীলতায়, আবার কেউ মঞ্চে নিজের আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নজর কাড়েন। নারী চিকিৎসকদের এমন বহুমুখী প্রতিভা তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’।

রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির প্রথম আসর। আয়োজকদের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসাসেবায় নিয়োজিত নারীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতাকে তুলে ধরাই ছিল আয়োজনটির উদ্দেশ্য।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী চিকিৎসকেরা অংশ নেন। কয়েকটি পর্বে নিজেদের দক্ষতা, ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রতিভা তুলে ধরেন তারা। সবশেষে বিজয়ী নির্বাচিত হন ডা. কানিজ ছোয়া। প্রথম রানারআপ হয়েছেন মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। তাদের বক্তব্যে নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে তাদের ভূমিকার বিষয়টি উঠে আসে।

পুরো আয়োজনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিল ‘দ্য রিস্ট্রেইন’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. হাসান মাহমুদ সার্বিক দায়িত্ব পালন করেন। সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির কোঅর্ডিনেটর ডা. সোহা। অন্যদিকে, মঞ্চ পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ‘বি হ্যাপি এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটির শো ডিরেক্টর সাকিব সনেট এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আয়োজকদের ভাষ্য, চিকিৎসাসেবার ব্যস্ততার মধ্যেও নারী চিকিৎসকেরা নিজেদের অন্যান্য প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ পান, সেই বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নারী চিকিৎসকদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজস্ব পরিচয় তুলে ধরতেও ভূমিকা রাখবে।

সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাম্প ওয়াক ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি। অনুষ্ঠানে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।