বাংলাদেশে আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

‘ওপেনহাইমার’ দিয়ে অস্কার মাতানোর পর বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান এবার দর্শকদের নিয়ে যাচ্ছেন প্রাচীন গ্রিক পুরাণের এক রোমাঞ্চকর দুনিয়ায়। চলতি মাসেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন মহাকাব্য ‘দ্য ওডিসি’।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ১৭ জুলাই (শুক্রবার) বিশ্বের সঙ্গে একইদিনে সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে।
বিখ্যাত কবি হোমারের অমর সৃষ্টি অবলম্বনে তৈরি এই সিনেমায় দেখা যাবে ট্রয় নগরীর পতনের পর ইথাকার রাজা ওডেসিয়াসের ১০ বছরব্যাপী এক বিপজ্জনক ও রোমহর্ষক বাড়ি ফেরার গল্প।
২ ঘণ্টা ৫২ মিনিটের এই সিনেমাটি হলিউডের ইতিহাসে এক নতুন মাইলফলক, কারণ এটিই প্রথম কোনো বড় বাজেটের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা সম্পূর্ণভাবে উচ্চ-প্রযুক্তির আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে।
মূল চরিত্র ওডেসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া এবং রবার্ট প্যাটিনসন।
‘ইনসেপশন’ সিনেমার দীর্ঘ ১৬ বছর পর দ্য ওডিসির মাধ্যমে আবারও নোলানের পরিচালনায় পর্দায় ফিরছেন এলিয়ট পেজ। ঢাকার সিনেমাপ্রেমীদের মধ্যে ‘দ্য ওডিসি’ নিয়ে ইতোমধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আইম্যাক্স স্ক্রিনে সিনেমাটি দেখার জন্য অগ্রিম টিকিটের ব্যাপক চাহিদা থাকবে। তাই শোটাইম ও টিকিট বুকিংয়ের জন্য দর্শকদের সিনেপ্লেক্সের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।




