logo
Advertisement

এআইয়ের ছোঁয়ায় আশির দশকে ফিরলেন তারকারা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
এআইয়ের ছোঁয়ায় আশির দশকে ফিরলেন তারকারা

সময়ের সঙ্গে বদলেছে পোশাক, সাজসজ্জা ও ফ্যাশনের ধরন। কিন্তু পুরোনো দিনের প্রতি মানুষের আকর্ষণ যেন কখনোই পুরোনো হয় না। সেই নস্টালজিয়াকেই এবার নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির সাহায্যে বর্তমানের ছবিকে আশির দশকের আবহে রূপান্তর করে নেটিজেনরা যেন ফিরে যাচ্ছেন চার দশক আগের এক পরিচিত সময়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেট্রো ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিচ্ছেন দেশের তারকারাও। এআইয়ের কারসাজিতে নিজেদের ভিন্ন এক লুকে দেখে তারকারাও ভাগ করে নিচ্ছেন সেই ছবি ভক্তদের সঙ্গে।

চিত্রনায়িকা তমা মির্জা এমনই একটি রেট্রো লুকের ছবি প্রকাশ করেছেন। ছবির সঙ্গে সংক্ষিপ্ত ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’

চিত্রনায়িকা বুবলি লাল শাড়িতে নিজের রেট্রো লুক প্রকাশ করে লিখেছেন, ‘৮০-এর দশকের ট্রেন্ড ভাইভ’।

ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবও আশির দশকের নান্দনিকতায় নিজেকে উপস্থাপন করেছেন। নিজের সেই সময়ের আবহে তৈরি ছবির ক্যাপশনে তার লেখা, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

এই ট্রেন্ডে যোগ দিয়েছেন অভিনেত্রী সাফা কবীরও। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’

অভিনেত্রী তাসনিয়া ফারিণও বাদ যাননি রেট্রো উন্মাদনা থেকে। এআইয়ের তৈরি পুরোনো দিনের আবহের ছবিকে ঘিরে তার প্রতিক্রিয়া ছিল বেশ নস্টালজিক- ‘ভালোই হতো।’

উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা নিজের রেট্রো ছবি প্রকাশ করে লিখেছেন, ’৮০ এর আমেজে কালজয়ী সঙ্গীত আর রেট্রো স্টাইলের যুগে ফিরে যাওয়া।‘

সংগীতশিল্পী পড়শীও কল্পনার আশির দশকে নিজেকে আবিষ্কার করেছেন। নিজের রেট্রো রূপের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’

অন্যদিকে,’ সংগীতশিল্পী জেফার নিজের রেট্রো ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এইমাত্র ইন্টারনেটে '৮০-র দশকের পার্টিতে যোগ দিলাম।‘

সব মিলিয়ে, প্রযুক্তির আধুনিক সুবিধায় তৈরি এই রেট্রো ট্রেন্ড তারকাদের বর্তমান সময়ের ছবিকে নিয়ে যাচ্ছে অতীতের ফ্যাশন ও নান্দনিকতার জগতে। চার দশকের ব্যবধান ঘুচিয়ে এআই যেন তারকাদের সামনে হাজির করছে তাদের এক কাল্পনিক ‘আশির দশকের সংস্করণ’।