সুলতান সম্মাননা পদক পেলেন চিত্রশিল্পী আব্দুস সাত্তার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আয়োজিত অনুষ্ঠানে ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাপচিত্র শিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। দীর্ঘ ও বর্ণাঢ্য শিল্পসাধনা, সৃজনশীলতা, গবেষণা, শিক্ষকতা এবং বাংলাদেশের শিল্পাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (১০ আগস্ট) নড়াইলে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী অধ্যাপক আব্দুস সাত্তারের হাতে এ পদক তুলে দেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি ও নড়াইল জেলা প্রশাসন।
অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় শিল্পী, গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত। ছাপচিত্র শিল্পে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পাশাপাশি চিত্রকলা, কাঠখোদাই, বাটিক ও ভাস্কর্যেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান।
১৯৪৭ সালে নাটোরের বড়াইগ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী। তৎকালীন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে বিএফএ ও এমএফএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যয়ন করেন। পরবর্তীতে ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্র্যাট ইনস্টিটিউট থেকে ছাপচিত্র বিষয়ে এমএফএ ডিগ্রি ডিস্টিংশনসহ সম্পন্ন করেন।
শিল্পচর্চার পাশাপাশি শিল্পতত্ত্ব, নন্দনতত্ত্ব ও শিল্প-ইতিহাস নিয়েও দীর্ঘদিন গবেষণা করেছেন অধ্যাপক আব্দুস সাত্তার। এসব বিষয়ে তার ২০টির বেশি এবং বিভিন্ন সূত্রে ২৫টি গ্রন্থের উল্লেখ পাওয়া যায়, যার বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দীর্ঘ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। একই সঙ্গে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের বিভাগীয় প্রধান ও চেয়ারম্যান, পরিচালক এবং এ এফ রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি চারুকলা অনুষদের অনারারি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাচ্য শিল্পরীতি, ঐতিহ্যবাহী ভারতীয় ও প্রাচ্য ম্যুরাল এবং আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্ম সৃষ্টিতেও তার বিশেষ খ্যাতি রয়েছে।
শিল্প ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার ২০২৬ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়া দুইটি গ্র্যান্ড অ্যাওয়ার্ডসহ তিনি সাতটি আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। দেশে স্বর্ণপদকসহ পেয়েছেন নয়টি পুরস্কার। তার অর্জনের তালিকায় রয়েছে জয়নুল সম্মাননা ও জেলা শিল্পকলা পদকও।
এস এম সুলতানের স্মৃতি ও শিল্পকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর গুণী শিল্পীদের ‘সুলতান সম্মাননা পদক’ দেওয়া হয়। এবার সেই সম্মাননায় ভূষিত হলেন অধ্যাপক আব্দুস সাত্তার।
আজীবন শিল্পসাধনা, গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশের শিল্প-ঐতিহ্যকে বিশ্বপরিসরে প্রতিষ্ঠায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারের অবদান দেশের সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার হাতে ‘সুলতান সম্মাননা পদক’ তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই অবদানই আরও একবার স্বীকৃতি পেল।
.png)

